শুভ্রা ভট্টাচার্য
ক্ষত বিক্ষত রক্তাক্ত দুর্বল শরীরটাকে নিয়ে হামাগুড়ি দিয়ে জঙ্গলের ভিতর থেকে কিছুটা এগুতেই একটা রাস্তা চোখে পড়লো অভয়ার। টলমল পায়ে কোনক্রমে উঠে দাঁড়াল সে। যতদূর চোখ যায় সামনে পিছনে শুধুই নিকষ কালো অন্ধকার। আর বুঝি ফেরার আর কোনো পথ নাই! তবুও কলঙ্কিত ব্যথিত শরীরটা টেনে হিঁচড়ে উদ্দেশ্যহীন ভাবে একটু একটু করে এগুতে লাগলো সে। কিছুটা যেতেই হঠাৎ শিশুকণ্ঠের চাপা কান্না ভেসে এলো। কান্নার শব্দকে অনুসরণ করে একটু যেতেই চোখে পড়লো রাস্তার পাশে ঝোঁপে পড়ে থাকা এক সদ্যজাত, যে প্রানপনে বাঁচার তরে তীব্র আর্তনাদ করে চলেছে। দ্রুত তাকে কোলে তুলে নিয়ে বুকের ওমটুকু দিয়ে আগলে রাখার আকুলতায় হঠাৎ সেও যেন বাঁচার এক অনন্য তাগিদ অনুভব করল। তারই মতো এক সর্বহারা শিশুর কোমল মায়াবী পরশ নিমেষে ভুলিয়ে দিলো তার দেহ মনের সুতীব্র যন্ত্রণা। বিসর্জনের পরেও নব প্রাণশক্তিতে জেগে ওঠার জিয়নকাঠি তার হৃদয়কে বুঝি স্পর্শ করল। আঁধার পেরিয়ে আলোর অপেক্ষায় একটু একটু করে ঊষালগ্নের দিকে এগিয়ে চলল তারা।।
#শুভ্রা#
No comments:
Post a Comment