Saturday, 4 December 2021

স্ট্যাটাস / কৌস্তুভ দে সরকার


স্ট্যাটাস / কৌস্তুভ দে সরকার

"আপনার হাসি দিয়ে সমাজ বদলান, সমাজকে আপনার হাসি বদলাতে দেবেন না। সুস্থ মনই একটা সুন্দর জীবন তৈরি করে। মন ভালো রাখুন। Happy World Mentalhealth day." -
ফেসবুকে এক সুন্দরীর দেওয়া এরকম স্ট্যাটাস দেখে বেশ ভালোই লাগলো কুতুবের। ভাবলো, যাক এই মহিলা তাহলে জীবনের মানে কিছুটা হলেও বুঝেছে। মুক্তমনা, উদার, প্রগতিশীল এবং সমাজ বদলের অভিপ্রায়ী। সে দেখে মহিলার অমন স্ট্যাটাসের পরও কেউ সেখানে হাসির ইমোজি দেয়নি। লাইক, লাভ, এসব দিয়েছে। তাই কিছুটা ব্যতিক্রমী এবং স্ট্যাটাসের সাথে সামঞ্জস্যপূর্ণ ভেবে সোৎসাহে তার স্ট্যাটাসের নীচে একটা হাসির ইমোজি টিপে দেয় কুতুব। কিন্তু পরক্ষণেই ধারণা পাল্টে যায় তার। হঠাৎ ম্যাসেঞ্জারে পিং। একটা ম্যাসেজ ঢুকেছে ওই মহিলার। একটা রাগী মুখের ইমোজি দিয়ে লেখা, "আপনি আমার পোস্টের নীচে হাসি দিলেন কেন? পোস্টটা কি হাস্যকর? এক্ষনি তুলে ফেলুন, নয়তো ব্লক করতে বাধ্য হবো। যত্তসব।" কুতুব অবাক হয়ে ভাবে আর বলে, "সেকি!আপনি নিজেই লিখেছেন, আপনার হাসি দিয়ে সমাজ বদলান, অথচ হাসির ইমোজি সহ্য নয়? কেন?" মহিলার রিপ্লাই আসে, "আপনাকে আমি চিনিনা জানিনা। তাছাড়া আমি কি আপনাকে ওখানে লাইক কমেন্ট করতে বলেছি? তুলে ফেলুন বলছি।" কুতুব বলে, "তাহলে ফ্রেন্ডলিস্টে রেখেছেন কেন?" মহিলার উত্তর, "রিকোয়েস্ট নিশ্চয়ই আপনি পাঠিয়েছিলেন। আপনাদের স্বভাবটাই এরকম। সুন্দরী দেখলেই ছোঁকছোঁক করতে থাকেন। বাড়িতে কেউ নেই নাকি?" ভেতরে ভেতরে বেদম ফুলতে থাকে কুতুব। আর ভাবে, কোথায় গিয়ে পৌঁছুচ্ছে এই সমাজ। কি অসভ্য মহিলারে বাবা। ফেসবুক করবে, ফ্রেন্ডলিস্টেও রাখবে, সাহসী প্রগতিশীল স্ট্যাটাসও দেবে, আবার সেখানে যথোচিত প্রয়োগ দেখলে তার উল্টো মানে করবে। কি যাচ্ছেতাই। ধুর। তারচেয়ে  একে ব্লক করে দেওয়া ভালো। এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। কুতুব ব্লক করতে যাবার আগেই দেখে something went wrong. This profile is unavaible. কুতুব বেশ বুঝতে পারে, এই সভ্য সমাজে কারো সাথে হাসি বিনিময় করার পরিণাম কী হতে পারে !...

No comments:

Post a Comment

প্রাপ্তি--অদিতি ঘটক

প্রাপ্তি অদিতি ঘটক কেসটা সাজাতে গিয়ে বারবার তালগোল পাকিয়ে যাচ্ছে, অথচ হাতে সময় খুব কম। তাড়াতাড়ি এফ. আই. আর. এর খসড়াটা  তৈরি করতে হবে। পরমার্...