Saturday, 4 December 2021

একটা ভূত এসে ছিলো--ঊশ্রী মন্ডল


একটা ভূত এসে ছিলো
ঊশ্রী মন্ডল


                                      উত্তরের হাওয়া বইবার সাথে সাথে  ঠান্ডাটা আরো বেড়ে গেলো , সকাল থেকেই আকাশটা মুখভার করে রাখার পর এখন অঝোর ধারায় কাঁদছে  ; তা দেখে আকাশও মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে l চা,চানাচুর মুড়ি নিয়ে পোলাপানের মধ্যে কম্বল জড়িয়ে যেইনা বসলাম ,অমনি ফট করে কারেন্ট চলে গেলো ; বেশ ভূতুড়ে ভূতুড়ে আবহাওয়া সৃষ্টি হয়ে গেলো l
                                  পোলাপানগুলো বলে,' দিদিমা একটা ভূতের গল্প বলো, ' আমি বললাম,'বেশ,তবে শোন্... 

                 সেদিন ছিল এক বৃষ্টির রাত ,দূর থেকে শোনা যাচ্ছিলো শেয়ালের ডাক  আর পাশের ডোবায় ব্যাঙগুলোর কোরাস  ; ঝিঁঝিপোকার দল ঝিঁঝিঁপোকা করে না জানি কিসের আলোচনা করছিলো  , জোনাকি পোকাগুলো নিজেদের পিদিম জ্বালিয়ে ঘরের ভেতর ঢুকে পড়েছিলো l  
         হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো, এই বৃষ্টি ভেজা ঠান্ডার সন্ধ্যায় কে এলো, বেশ বিরক্তির সাথে দরজা খুলে বলি,'কে রে তুই ' ; সে বলে,'আমি এক ভূত ' | আমার তো ভয়ে আত্মারাম খাঁচা হয়ে গেলো l তবুও মনে একটু সাহস এনে বলি ,'কি চাই তোর '?
সে বলে , 'ওই গাছের ডালে বেশ বসেছিলাম পাটা ঝুলিয়ে হঠাৎ তেড়ে বৃষ্টি এলো ,ভিজে গেলে জ্বর হবে ,তাই ওই জোনাকিদের পিছু পিছু এ ঘরে চলে এলাম l আমি বলি ,'চালাকি হচ্ছে ,ব্যাটা তুই তো ভূত তোর কি শরীর আছে , ভিজবিই বা কেমন করে ? জীবনে যদি না থাকে শরীরও থাকবে না ,তাহলে জ্বর কেমন করে হবে বল ?'
           সে বলে ,'সে তো সত্যি কথা তবুও আমার শরীর না থাকলেও অনুভূতিটা তো আছে ,তাই ওই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি পড়লে এখনো আমি ভয় পাই  l '
      জানিস বাছারা ,আমার তো আবার দয়ার শরীর তাই বললাম ,' ভিতরে আয় | ' ও মা অমনি সে বলে উঠল , 'ধন্যবাদ ' l আমি বললাম ,'আ মলো যা মরণ,' জিজ্ঞেস করলাম , 'তা তুই কি করে মরেছিলি ? ' সে বলে, 'সেদিনও ছিল এমনই ঝড় বৃষ্টির রাত, বিদ্যুৎ চমকের সাথে সাথে , প্রচন্ড শব্দে বজ্রপাত হচ্ছিল,তখন আমি ছিলাম এক উদীয়মান কবি ,কবি সম্মেলন থেকে
মোটর সাইকেলে করে ফিরছিলাম  l বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সামনে একটা ভাঙ্গা ঘর দেখলাম আর সেই ঘরে ঢুকে পড়লাম l
                কিছুক্ষন দাঁড়ানোর পর শুনতে পেলাম কে যেন আমায় ফিসফিসিয়ে বলছে,' চলে যা এখান থেকে ,আসছে ভয়ানক বিপদ ,'  স্থির করলাম বৃষ্টির বেগ একটু কমলেই বেরিয়ে পড়বো l হঠাৎ সামনের একটা ঝোপঝাড়ে ভয়ানক আলোড়ন হওয়ার সাথে সাথে কারোর করুণ আর্তনাদ শুনতে পেলাম ,ভয় লাগছে তবুও গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখি ঝোপে পড়ে আছে আধপোড়া এক মানুষের দেহ ; সেই যন্ত্রণায় আর্তনাদ করছে l 
            যেই না সম্মুখে গেলাম , ঠিক তখনই তীব্র আলোর ঝলকানির সাথে কড় কড় কড়াৎ শব্দে একটা বাজ পরল ; কান ঝালাপালা হয়ে গেল  l একটু ধাতস্থ হয়ে দেখলাম, ওই আধপোড়া লোকটা আমার সামনে বসে আছে  ; আর হ্যা হ্যা করে পৈশাচিক হাসি হাসছে l
       শুনতে পেলাম ঐ ফিসফিসানি আওয়াজটা  বলছে,' বলেছিলাম না বেরিয়ে পড় শুনলি না l আমিও এ ভাবেই মরে ভূত হয়েছিলাম, তুইও মরে গিয়ে ভূত হয়ে গেলি l তাই আমি ভূত হয়ে বসে থাকি ঐ গাছে সবসময় l'
            আহারে কি দুঃখ তোর ,ঈশ্বর তোর আত্মাকে শান্তি দিক ; যেই না বললাম এ কথা অমনি ফট করে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল l চিৎকার করে আমি বললাম  ,'ও ভূত কোথায় গেলি '? আর তার কোন আওয়াজ বা উপস্থিতির লক্ষণ দেখলাম না l

        জানলাটা খুলে দিলাম বৃষ্টি ধরে এসেছে , মেঘটা একটু একটু করে কেটে যাচ্ছে  ; পূর্বাকাশে সূর্যিমামা উঁকি মারছে  ভয়ানক অমানিশা কাটিয়ে সুন্দর ভোর আসছে দেখলাম l
               এবার বলতো দেখি,তোদের কেমন লাগল  ভূতের গল্প  ; ভালো যদি লেগে থাকে আমাকে জানাতে  ভুলিসনা না কেমন l|

No comments:

Post a Comment

প্রাপ্তি--অদিতি ঘটক

প্রাপ্তি অদিতি ঘটক কেসটা সাজাতে গিয়ে বারবার তালগোল পাকিয়ে যাচ্ছে, অথচ হাতে সময় খুব কম। তাড়াতাড়ি এফ. আই. আর. এর খসড়াটা  তৈরি করতে হবে। পরমার্...